বেপরোয়া গতিতে বাইক চালিয়ে ভিডিও করার সময় প্রাণ গেল কিশোরের

খোয়াই রিপোর্ট: বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ভিডিও ধারণ করার সময় ছিটকে পড়ে রিপন মিয়া (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে এ ঘটনা ঘটে।
নিহত রিপন জেলার লাখাই উপজেলার ভাদিকাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলআরোহী অপর কিশোর সজিব মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার টিএসআই হাসান আলী বলেন, রিপন ও সজিব হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের নিজামপুর এলাকায় দ্রুতগতিতে বাইক চালিয়ে ভিডিও ধারণ করছিল। রিপন ঘন্টায় আনুমানিক ১০০ কিলোমিটার গতিতে বাইকটি চালায়; সজিব তখন পেছনে বসে ভিডিও করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে তারা বাইক থেকে ছিটকে পড়ে। এসময় রিপনের ঘার ভেঙে যায় ও সজিব মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করে সজিবকে ঢাকায় প্রেরণ করেছেন।
লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ বলেন, রিপন কালাউক ইসলামিয়া মাদরাসায় পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে পড়াশোনা ছেড়ে দেয়। সম্প্রতি সে ৫ লাখ টাকায় ইয়ামাহা কোম্পানির আর-১৫ মডেলের একটি মোটরবাইক ক্রয় করে দিতে পরিবারকে বাধ্য করে। সেই বাইক নিয়ে সন্ধ্যায় ঘুরতে বের হয়ে রাতে মরদেহ বাড়ি ফিরল। এতে পরিবারের সদস্যরা শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন।
তিনি জানান, আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সজিবের পিতার সাথে তার কথা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন। আহত সজিব লাখাই উপজেলার বামৈ গ্রামের হাবিবুর রহমানের ছেলে সে।
